আলমডাঙ্গায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সামারি ট্রায়াল কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালত তাৎক্ষণিক বিচারে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এই দুটি সফল অভিযান পরিচালিত হয়। গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই  মোঃ শাহরিয়ার হুসাইন রুবেলের নেতৃত্বে পুলিশের একটি টিম নওদাবন্ডবিল এলাকায় অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় কামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নওদাবন্ডবিল গ্রামের মৃত মওলা বক্সের ছেলে। গতকাল মঙ্গলবার আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে, চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) কামাল হোসেনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে গতকাল মঙ্গলবার সকালে এসআই আলমগীর কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল কান্তপুর ব্রিজ মোড় এলাকায় অভিযান চালায়। সেখানে  আলামিনের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রুদ্র হাসান (২১) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। রুদ্র হাসান স্থানীয় কান্তপুর ব্রিজ মোড় এলাকার হাসিবুল মালিথার ছেলে। আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই কঠোর ও আপসহীন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।