দর্শনা অফিস
দর্শনা পরানপুর এলাকায় একটি কৃষি জমি থেকে মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পরানপুর গ্রামের বাসিন্দা মোঃ মহাসিন (৫৫) জানান, পরানপুর ও শান্তিপাড়া রেলগেট আবাসন সংলগ্ন এলাকায় তার নিজস্ব চাষযোগ্য কৃষি জমি রয়েছে। দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি তার কৃষি মাঠ থেকে বিভিন্ন কৃষিপণ্য চুরি করে ক্ষতি করে আসছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৩ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার পর কোনো এক সময় দুর্বৃত্তরা তার জমিতে থাকা একটি মাঝারি আকারের মেহগনি গাছ অবৈধভাবে কেটে নিয়ে যায়। এতে তার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি আরও জানান এর আগেও তার ওই বাগান থেকে আরও বড় মেহেগুনি গাছ কেটে নিয়ে যায়।
মহাসিন জানান, একই ব্যক্তিরা ভবিষ্যতেও তার জমি ও সম্পদের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। ঘটনাটি এলাকার অনেকেই জানেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে তিনি দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, কৃষিজমি ও গাছ চুরির ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন, যাতে কৃষকরা নিরাপদে তাদের জমি ও ফসল রক্ষা করতে পারেন।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে
দর্শনায় কৃষকের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ



