লালন সাঁই-এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

মর্মী সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁই-এর ১৩৬তম তিরোধান দিবস চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ ​শনিবার বিকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে ​জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনারায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর লালন সাঁইয়ের জীবন, দর্শন ও সাধনা নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরন উর রশিদ শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

অনুষ্ঠানের শুরুতে লালনের পরিচয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ, শহর বাউল একাডেমীর সভাপতি নওয়াব আলী শাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাঈফ প্রমুখ।

বক্তারা বলেন, লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার বাণী আজও সমাজ ও বিশ্বজুড়ে সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর গান ও সাধনা আমাদের অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রাণিত করে।

​অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। এছাড়াও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বাউল শিল্পী ও লালন অনুরাগী দর্শনার্থী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় লালন সাঁইয়ের কালজয়ী ভাবসঙ্গীত।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।