আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রানা আফান্দিকে মারধর ও তাঁর মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বেলগাছি বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রানা আফান্দি দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার সাংবাদিক। তাঁর অভিযোগ, মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের কারণে তাঁকে আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। শুক্রবার রাতে বেলগাছি বাজারে কয়েকজন তাঁর পথরোধ করে মারধর করেন এবং মুঠোফোন কেড়ে নেন।
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় সাংবাদিক রানা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



