স্টাফ রিপোর্টার
ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্ত থেকে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ একজন চোরাকারবারীকে আটক করা হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে বিজিবি এ অভিযান পরিচালনা করেন। আটক চোরাকারবারি মোঃ দবির উদ্দিন (৫৫) জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মোঃ দলিলের ছেলে।
চুয়াডাঙ্গা -৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ নাজমুল হাসান বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মুন্সিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি বেলা দেড়টার দিকে মুন্সিপুর এলাকায় হাবিলদার মোঃ আল আমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সীমান্তের মেইন পিলার ৯৩ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার কবরস্থানের পাশ থেকে দবির উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭শ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণের বার। যার সিজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। প্রাথমিকভাবে জানা যায়, স্বর্নেরবারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল।
আটক দবির উদ্দিনকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে।



