আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলায় মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের আশরাফ আলীর ছেলে রানা আহমেদ এবং একই গ্রামের নুর বক্সের ছেলে শমসের আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাঁজা সেবনের অপরাধে রানা আহমেদকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শমসের আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদুজ্জামান অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



