গাংনীতে ২৯২ বোতল ফেন্সিডিল উদ্ধারেরমামলায় মিনারুলের ১০ বছরের কারাদণ্ড

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর রিফুজিপাড়া সীমান্ত এলাকা থেকে ২৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারের মামলায় মিনারুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত| একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে| রবিবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন| রায়ে মিনারুল ইসলামের হাজতবাসের সময়কে সাজার অংশ হিসেবে গণনার নির্দেশ দেওয়া হয়েছে| একই মামলায় অপর তিন আসামি আলমগীর হোসেন, রজব আলী ও জোহা আলীকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে|
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ জানুয়ারি দিবাগত রাতে গাংনী উপজেলার সহড়াতলা রিফুজিপাড়া সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন| এ সময় চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে মিনারুল ইসলামকে আটক করা হয়| পরে ঘটনাস্থলে থাকা চারটি প্লাস্টিকের বস্তা থেকে মোট ২৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়|
ঘটনার পর গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়| তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়| মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে| সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন|
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নজরুল ইসলাম| আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আসাদুল আজম খোকন এবং মিনারুল ইসলামের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. এহান উদ্দীন মনা|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।