সরজরগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে সংঘবদ্ধ চোরচক্র সার্টার ভেঙ্গে দুটি দোকানে চুরির ঘটনা ঘটিয়েছে। এছাড়া আরও তিনটি দোকানে চুরির চেষ্টা চালানো হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে সরোজঞ্জ বাজারে দুর্ধর্ষ চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা থাকলেও তা কার্যকর না থাকায় বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সংঘবদ্ধ চোরচক্র মেসার্স শাহীন স্টোর-এর শাটারের তালা কেটে দোকানের ভেতরে প্রবেশ করে। পরে ড্রয়ারের তালা ভেঙে নগদ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের মূল্যবান সিগারেট চুরি করে নিয়ে যায়।
এদিকে ভাই ভাই টেলিকম-এর শাটারের তালা কেটে দোকানের ড্রয়ারে তালা ভেঙে প্রায় দেড় লাখ টাকা চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে। এছাড়াও সরোজগঞ্জ শপ এবং একটি জুতার দোকানে চুরির চেষ্টা চালানো হয়। তবে চোরেরা এসব দোকানে বড় ধরনের ক্ষতি করতে পারেনি।
শাহীন স্টোরের মালিক শাহীন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে কয়েকজন চোর সংঘবদ্ধভাবে আমার দোকানের শাটারের তালা কেটে ভেতরে ঢোকে। ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকা ও দামি সিগারেট নিয়ে যায়। আমাদের দোকানের সিসিটিভি ফুটেজে চোরদের আংশিক দেখা যাচ্ছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, সরোজগঞ্জ বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। কিন্তু বাজার কমিটির কাছে ফুটেজ চাইলে তারা বলে ক্যামেরা নষ্ট। তাহলে বাজারজুড়ে ক্যামেরা লাগিয়ে রাখার উদ্দেশ্য কী? ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এসব ক্যামেরার কোনো মূল্য নেই।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো অচল থাকায় চোরচক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। বাজার কমিটির অবহেলা ও উদাসীনতার কারণেই এমন ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন। ব্যবসায়ীরা দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেপ্তার, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং বাজারের সিসিটিভি ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরোজগঞ্জ ফাড়ি পুলিশের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, শুক্রবার ভোরের দিকে দুটি দোকানে চুরি হয় এবং নগদ টাকা সহ লক্ষাধিা টাকার মালামাল চুরি হয়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে এখনো চোর সনাক্ত করতে পারিনি। তবে চোর চক্রদের আটকের জন্য কার্যক্রম চলমান রয়েছে।
সরোজগঞ্জে দুটি দোকানে দুর্ধর্ষ চুরি নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে চম্পট



