ঝিনাইদহে জেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা আহ্ছানিয়া মিশনের আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোসফেকুর রহমান, উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা, পলিসি অ্যাডভোকেসি স্পেশালিস্ট মৃন্ময় মহাজন, রূপান্তর আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবুসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় ঝিনাইদহ জেলায় মানব পাচার প্রতিরোধে কাজ করা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি মানব পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতার আওতায় এনে পাচারের পরিসংখ্যান শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, মানব পাচারের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। মানব পাচার প্রতিরোধে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।