আলমডাঙ্গা অফিস
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া| মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা প্রার্থীদের গণসংযোগ এবং ভোটারদের আগ্রহে সরগরম হয়ে উঠছে উপজেলা ও ইউনিয়নগুলো| এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে|
গতকাল সোমবার বিকেল ৪টায় আলমডাঙ্গার হাজী মোড়স্থ লিয়াকত টাওয়ারের লায়লা কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়| অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মিলনায়তন পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে| সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম বকুল| তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সৎ ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে| স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও দুর্নীতিমুক্ত করতে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই|
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল| এসময় তিনি বলেন, স্থানীয় সরকার জনগণের সবচেয়ে কাছের প্রশাসনিক কাঠামো| তাই জনগণের সেবা নিশ্চিত করতে সৎ, যোগ্য ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রয়োজন| জামায়াতে ইসলামী জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করছে| তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ এখন উন্নয়ন ও সুশাসনমুখী নেতৃত্ব চায়| মানুষের পাশে থেকে কাজ করতে পারে এমন প্রার্থীদেরই দল মনোনয়ন দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর আমির মাহের আলী এবং জে এ শাখার আমির আব্বাস উদ্দিন| তারা সংগঠনের আদর্শ, জনকল্যাণমূলক কার্যক্রম ও স্থানীয় নির্বাচনে দলীয় অবস্থান তুলে ধরেন|
অনুষ্ঠানে একে একে উপজেলা পরিষদ, পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়| এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালামের নাম ঘোষণা করা হয়| ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন শফিউল আলম বকুল এবং পৌর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসেন টিপুর নাম|
এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে রয়েছেন হারদি ইউনিয়নে শাহাজান আলী, চিৎলা ইউনিয়নে আব্দুল মালেক, গাংনী ইউনিয়নে আজহারুল ইসলাম, খাদিমপুর ইউনিয়নে মোস্তাফিজুর রহমান, কুমারী ইউনিয়নে রাশেদ আহমেদ, নাগদাহ ইউনিয়নে রিপন বিশ্বাস, আইলহাস ইউনিয়নে লিয়াকত আলী, ডাউকি ইউনিয়নে ইউসুফ আলী মাস্টার, বেলগাছি ইউনিয়নে মামুন রেজা, খাসকররা ইউনিয়নে আব্দুল লতিফ, জামজামি ইউনিয়নে আলতাব হোসেন, ভাংবাড়িয়া ইউনিয়নে কাইমুদ্দিন হিরক, জেহালা ইউনিয়নে হুমায়ুন কবির এবং কালিদাসপুর ইউনিয়নে আসাদুল হক|
সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উৎসাহ লক্ষ্য করা যায়| অনেকে মনে করছেন, প্রার্থী পরিচিতি সভার মাধ্যমে দলটি আগেভাগেই মাঠ গোছানোর কাজ শুরু করেছে| স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| সব মিলিয়ে আলমডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে এ প্রার্থী পরিচিতি সভা নতুন আলোচনা ও নির্বাচনী আবহ ˆতরি করেছে| স্থানীয় সরকার নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হচ্ছে|



