নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় মহান মে দিবস পালিত

স্টাফ রিপোর্টার

‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর প্রশাসক ও জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার।

সভায় বিভিন্ন পেশাজীবী শ্রমিকরা দাবি তোলেন। এর প্রেক্ষিতে শুরু হয় আলোচনা সভা। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম।

সভার প্রধান অতিথি জেলা জেলা বিএনপির সভাপতি শরীফুজ্জামান শরীফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও তাঁদের কল্যাণে যুগান্তকারী নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। শ্রমজীবী-কর্মজীবী মানুষের কল্যাণের কথা ভেবেই শহীদ জিয়া নানা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করে যে ইতিহাস সৃষ্টি করেছিলেন, তাঁদের সেই আত্মত্যাগ শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠায় আজও আমাদের প্রেরণা ও শক্তি জোগায়।
তিনি আরো বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার শ্রম আইন সংস্কার, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের যৌক্তিক মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে পেনশন ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার, বন্ধ শিল্প চালু, ন্যায্যমূল্যে খাবার সরবরাহ, স্থায়ী শ্রমিক ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিতসহ শ্রমিকসমাজের ভাগ্যোন্নয়নে নানা কর্মসূচি ও নীতি গ্রহণ করেছে। আমি আশা করি, এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই দিনে আমি দেশে-বিদেশে কর্মরত বাংলাদেশের সকল শ্রমজীবী-কর্মজীবী ভাই-বোন, যাঁরা জীবন-জীবিকার জন্য, সর্বোপরি দেশের উন্নয়নের জন্য কর্মে নিয়োজিত রয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। শ্রমজীবী-কর্মজীবী মানুষই যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি আর অগ্রযাত্রার প্রধান অবলম্বন।

এসময় সভায় আরোও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, প্রমুখ।

সভায় আরোও উপস্থিত ছিলেন, জেলার সকল শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা ও বিভিন্ন পেশাজীবী শ্রমিকবৃন্দ।

সভার শেষে প্রধান মন্ত্রী তারেক রহমানের ভিডিও বার্তার ভিডিও প্রদর্শন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।