দামুড়হুদায় প্রবীণ ও দুর্যোগকালীন পুষ্টি বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস
জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে দামুড়হুদায় প্রবীণ পুষ্টি ও দুর্যোগকালীন পুষ্টি বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, প্রবীণদের মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ক্যালসিয়াম ও ভিটামিন-ডি সমৃদ্ধ পুষ্টিকর খাবার দিতে হবে। সমাজের সকল প্রবীণ ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে এবং তাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। পিতা-মাতা বৃদ্ধ হলে তাদের প্রতি অবহেলা না করে যত্নশীল ও সহনশীল হওয়া প্রত্যেক সন্তানের দায়িত্ব।
বক্তারা আরও বলেন, প্রবীণদের সঙ্গে সময় কাটানো, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং আর্থিক নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দিতে হবে। খাবার ও চিকিৎসার অভাবে যেন কোনো প্রবীণ ব্যক্তি কষ্টে না থাকেন, সে বিষয়ে পরিবার ও সমাজের সচেতন মানুষদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
দুর্যোগকালীন পুষ্টি বিষয়ে বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ দীর্ঘস্থায়ী হলে শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের জন্য পুষ্টিকর খাবার সংগ্রহ ও বিতরণ নিশ্চিত করতে হবে। এমওডিসি ডা. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমও ডা. মহিব্বুল্লাহ, মেডিকেল অফিসার ডা. রোখসানা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনী মোবারক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।