জীবননগরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

জীবননগর অফিস
২০২৫-২৬ অর্থবছরের যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জীবননগর উপজেলার মনোহরপুর আবাসন প্রকল্প এলাকায় একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল মাহমুদ।
উপসহকারী কৃষি অফিসার শামাউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি সার ডিলার ও সাংবাদিক আকিমুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার ইয়াসিন আলী ও নুরুজ্জামান, কৃষক আমীর হোসেন, কৃষক দলনেতা রিপন হোসেন, কৃষাণী লিপি খাতুন ও শাহারন বেগমসহ অনেকে।
মাঠ দিবসে বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়নে বাড়ির আঙিনায় সবজি ও ফলমূল চাষের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে পরিবারের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়। তারা উপস্থিত কৃষক-কৃষাণীদের নিজ নিজ আঙিনায় বেশি করে সবজি ও ফলমূল চাষে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে মনোহরপুর আবাসন প্রকল্প এলাকার কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।