স্টাফ রিপোর্টার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ, বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময় শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা জেলার গর্ব। তাদের সাফল্য শুধু তাদের পরিবারকেই নয়, পুরো জেলাকে সম্মানিত করে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নতুন পরিবেশে এসে হতাশ না হয়ে আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার সাধনাও অব্যাহত রাখতে হবে।
একই সঙ্গে চুয়াডাঙ্গার মানুষের সঙ্গে সম্পর্ক অটুট রেখে জেলার উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে জেলা ছাত্রকল্যাণ সমিতির মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সংগঠন শিক্ষার্থীদের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর পাশাপাশি নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে পরিচিত হতে সহায়তা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মনজুর রহমান, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. হাফিজুর রহমান, অধ্যাপক ড. রবিউল ইসলাম, অধ্যাপক ড. মিজানুর রহমান এবং অধ্যাপক ড. রকিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিয়ম মিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শুভ মিয়া এবং সংগঠনের কমিটির অন্য সদস্যরা।



