স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরের বড়বাজার শহীদ হাসান চত্বরে নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় কলম (৪৮) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে কলমের মৃত্যু হয়।
নিহত কলম চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার কছর আলীর ছেলে।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন জাহাপুর গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে মোহাম্মদ মানিক (৪০) ও মানি বিশ্বাস (৩০), আকন্দবাড়িয়া গ্রামের একমত আলীর ছেলে শুকুর আলী (৩৫), রহমান মণ্ডলের ছেলে খবির উদ্দিন (৬০) ও সজলের ছেলে সোহাদ (৮), ইসলামপাড়ার আবু জাফরের ছেলে সাইদুর রহমান (৩০) এবং কার্পাসডাঙ্গা গ্রামের মুনসুর আলীর ছেলে আতিয়ার (৪৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রিজের দিক থেকে দ্রুতগতিতে শহরের দিকে নামছিল একটি কাভার্ড ভ্যান। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি সড়কে থাকা কয়েকটি ইজিবাইক ও একটি বাইসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী কলমসহ কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের কয়েকজন জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের ভেতরে থাকা যাত্রীদের পাশাপাশি সড়কে চলাচলকারী পথচারীরাও আহত হন। আকস্মিক ধাক্কায় তাঁরা ছিটকে পড়ে আঘাত পান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারীন মৌ জানান, ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। আরেকজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবু সাইদ জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।



