স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় কোরিয়া পাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সাবিনা ইয়াসমিন বর্ষা (৩০)-কে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছেন স্বামী তাহমিম হাসান রাকিন (৩৪)। এ ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামীকে আটক করে গণপিটুনি দেন। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে দৌলতদিয়াড় মৃত আজিজুর রহমান টিটোর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী তাহমিম হাসান রাকিন ও স্ত্রী সাবিনা ইয়াসমিন বর্ষার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্বামী রাকিন দা দিয়ে স্ত্রী বর্ষার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্ত স্বামীকে আটক করেন এবং গণপিটুনি দেন। পরে আহত সাবিনা ইয়াসমিন বর্ষাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে আহত বর্ষার মা নিলুফা ইয়াসমিন বলেন, আমার মেয়ে সাবিনা আক্তার বর্ষা এবং মাগুরার বাসিন্দা তাহামিম হাসান রাকিন এক বছর আগে রিলেশন করে বিবাহ করে। তারা বর্তমানে ঢাকার শ্যামলীতে একটি ভাড়া বাসায় থাকেন। তাহামিম হাসান রাকিন পূর্বে আমেরিকা প্রবাসী ছিলেন। বিয়ের পর থেকেই গত এক বছর ধরে রাকিন আমার মেয়েকে বিভিন্নভাবে টর্চার ও নির্যাতন করে আসছে। তিনি আরোও বলেন, আমেরিকা থেকে আসার পর সে উত্তরায় ও মোহাম্মদপুরে ফ্ল্যাটে নিয়ে মেয়েকে মারধর করেছে। এর আগে মোহাম্মদপুর থানা থেকে অভিযোগ দিয়ে মেয়েকে উদ্ধার করা হয়েছিল। রাকিন আমার মেয়েকে বিভিন্ন রকমের অনৈতিক কর্মকান্ড করার জন্য জোর করতে থাকে। আমার মেয়ে এতে রাজি না হওয়ায় প্রায় সময়ই রাকিন আমার মেয়েকে মারধর করত। কিছুদিন আগেও রাফিন আমার মেয়ের কাছে ১০ লাখ টাকা দাবি করে।
আজ সকালে রাকিন লুকিয়ে আমার পিছন পিছন বাসায় ঢুকে পড়ে। আমার মেয়েকে মারার উদ্দেশ্যে তার খোঁজ করতে থাকে। পরবর্তীতে মেয়ে বাসায় আসার পর কথা কাটাকাটির একপর্যায়ে জামাই দা দিয়ে মেয়ের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, আহত নারীর মাথায়, মুখে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বর্তমানে আমরা তাকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা প্রদান করেছি। তবে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আমরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেছি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে বর্ষা নামের এক নারীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত রাফিনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। বর্তমানে রাফিন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আছে। ভুক্তভোগীর পরিবার থেকে মামলা করা হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



