মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ করার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মজুদ করা সার পাওয়ায় গোডাউন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত রবিবার সন্ধ্যার দিকে অভিযান শুরু হয় ধানখোলা বাজারের ব্যবসায়ী ইসরাইলের দোকানে ও তার শ্বশুরের গোডাউনে। অভিযানের খবর শুনে জামাতা ইসরাইল পালিয়ে গেলেও তার শ্বশুর আব্দুল হান্নানের গোডাউনে অবৈধভাবে মজুদ করা সার পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের নথি অনুযায়ী, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২(১) ধারায় গোডাউন মালিক আব্দুল হান্নানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এ সময় বিগত দিনে মজুদ করা সার কোথায় বিক্রি করেছে, তার জবাব চেয়েছে উপজেলা প্রশাসন। সেই সাথে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফায়েজুর রহমান ফয়েজ। এসময় অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত মিয়াসহ গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।