দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ম্যানেজিং কমিটি-শিক্ষকদের সভা

দর্শনা অফিস
ভবন নয়, শিক্ষার মানই হোক বিদ্যালয়ের মূল পরিচয়—এই লক্ষ্য সামনে রেখে দর্শনা মেমনগর (বিপ্রদাস) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা। শুধু সুপারিশের ভিত্তিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এবার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মশিউর রহমানের নেতৃত্বে কমিটির সদস্য, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকরামুল হকসহ শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা ও পড়াশোনার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন। সম্প্রতি অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় সভাপতি, শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্পষ্ট বার্তা দেন—শুধু সুপারিশের ভিত্তিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। এসএসসি পরীক্ষার্থীদের আগে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। এরপরই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকরামুল হক বলেন, ‘দিন দিন বিদ্যালয়ের শিক্ষার মান নিম্নমুখী হচ্ছে। ফলে বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে শিক্ষার মানোন্নয়নে বর্তমান ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা কঠোর অবস্থান নিয়েছেন।’
ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মশিউর রহমান বলেন, ‘মেমনগর বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয় একসময় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। বর্তমানে এ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। এতে বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে বর্তমান ম্যানেজিং কমিটি শিক্ষকদের সঙ্গে বৈঠক করে শিক্ষার মানোন্নয়নে কঠোর অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের সমাবেশ করে জানিয়ে দেওয়া হয়েছে—সুপারিশে নয়, টেস্ট পরীক্ষায় ভালো ফল করার মাধ্যমেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ মিলবে।
বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার পরিবেশ ও ফলাফলের মান উন্নত হবে এবং মেমনগর মাধ্যমিক বিদ্যালয় তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।