মেহেরপুরে রুফটপ সোলার স্থাপনে অংশীজনদের মতবিনিময়

মেহেরপুর অফিস
মেহেরপুরে রুফটপ সোলার সিস্টেম স্থাপনে আগ্রহী অংশীজনদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর পবিসের জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম।
সভায় পবিসের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রিশিয়ান ও ঠিকাদার শ্রেণির প্রতিনিধি, সার্ভিস প্রোভাইডার হিসেবে আগ্রহী ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় রুফটপ সোলার সিস্টেম স্থাপনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ। পরে পবিসের এজিএম (এমএস) মো. মোতাহার হোসেন নেট মিটারিংয়ের বিভিন্ন মডেল, বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থাপনায় সম্ভাব্য সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় ছাদ ভাড়া দিয়ে আয় করার সুযোগ, রুফটপ সোলার স্থাপনে সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করার সুবিধা ও আবেদন প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত অংশীজনরা রুফটপ সোলার ও নেট মিটারিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেন। উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব ও উপস্থিত অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।