দামুড়হুদা অফিস
দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২ গ্রাম গাঁজাসহ বিপুল মন্ডল (৩২) নামে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে সংক্ষিপ্ত বিচারে সাজা প্রদান করেছে আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার এসআই (নিঃ) মশিউর রহমান অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলাার লোকনাথপুর টু দর্শনাগামী রাস্তায় পরানপুর অস্থায়ী পুলিশ চেকপোস্টের পাশে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী হলেন- বিপুল মন্ডল (৩২), পিতা- ঠান্ডু মন্ডল, সাং- জয়রামপুর, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করা হলে তার পরিহিত লুঙ্গির বাম কোচড় হতে সাদা পলিথিনে রক্ষিত ০২ (দুই) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০০ টাকা। ওই দিনই সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে টর্চলাইটের আলোতে জব্দতালিকা মূলে আলামত জব্দ করা হয়।
পরবর্তীতে আসামীকে থানায় নিয়ে আসা হয় এবং গতকাল মঙ্গলবার সংক্ষিপ্ত বিচারের নিমিত্তে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত আসামী বিপুল মন্ডলকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০২ (দুই) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাইকারী ও ডাকাতসহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দামুড়হুদায় গাঁজাসহ একজন গ্রেফতার, ১ মাসের কারাদণ্ড



