আলমডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

আলমডাঙ্গা অফিস
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় আলমডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। আগামী ৩০ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর মোট ৩০ জন অংশগ্রহণ করছেন। তারা ১০ দিনব্যাপী এ পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করবেন।
আলমডাঙ্গা উপজেলা  সমাজসেবা কার্যালয়ের অফিসার সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি এএসএম শাহনেওয়াজ মেহেদী। তিনি বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিজ নিজ পেশায় দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে যোগাযোগের সক্ষমতা, সময় ব্যবস্থাপনা, আত্মবিশ্বাস, আচরণগত দক্ষতা ও পেশাগত উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলা এবং দক্ষতার সঙ্গে কাজ পরিচালনার কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ে উপ পরিচালক আইনাল হক বলেন, প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের আয়-উপার্জনের সুযোগ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ পেশায় আরও দক্ষ হয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জনকে পেশাগত দক্ষতার পাশাপাশি প্রয়োজনীয় সফটস্কিলস বিষয়ে হাতে-কলমে ও বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজেদের পেশাগত কর্মকাণ্ড আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষক দেলোয়ার হোসেন, উপজেলা ফিল্ড অফিসার শামিমা আক্তার,  ইউনিয়ন সমাজকর্মী মোঃ খোদা বকস, মোঃ হাফিজুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম-১, মোঃ শহীদুল ইসলাম-২, শহীদুল ইসলাম-৩, মোঃ হাফিজুর রহমান-২ ও রুমা খাতুন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।