দর্শনা অফিস
দর্শনা থানা মহিলা জামায়াতের সভানেত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুনের (৩৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নিজ মহল্লার পৌরসভার শ্যামপুর কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জানাজায় এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং জেলার বিভিন্ন থানার জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে জানাজাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জানাজার আগে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, পৌর আমির সাহিকুল আলম অপু, বিএনপি দর্শনা পৌর শাখার সমন্বয়ক মাহবুবুল ইসলাম খোকন ও হাবিবুর রহমান বুলেট, মরহুমার বড় ভাসুর ও পৌর সমন্বয়ক মো. শরীফ উদ্দিন এবং মরহুমার একমাত্র কিশোর পুত্র হাফেজ সাকিন উদ্দিন।
পারিবারিক সূত্র জানায়, দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে সফর উদ্দিন (৪০) সৌদি আরবের আভা শহরে কর্মরত ছিলেন। গত ১০ আগস্ট তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। দীর্ঘ নয় দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ আগস্ট ভোর ৫টায় তিনি মারা যান।
স্বামীর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর ১০ আগস্ট তাঁর স্ত্রী ববিতা খাতুনও মারাত্মক মানসিক আঘাতে অসুস্থ হয়ে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন বলে পারিবারিক সূত্র জানায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় তিনি মারা যান।
স্বামীর মৃত্যুর মাত্র ৫৮ ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যুর ঘটনায় দর্শনায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই দম্পতি এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। বাবা-মা দুজনকেই হারিয়ে দুই সন্তান এখন অভিভাবকহীন হয়ে পড়েছে।
দর্শনায় স্বামীর মৃত্যুর ৫৮ ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু, জানাজা ও দাফন সম্পন্ন



