সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান (নান্নু) মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও ৩ নম্বর কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ হাসানুজ্জামান মানিকের বাবা।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মান্নান নান্নু মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি নিজ বাড়িতে ফিরেছিলেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ির সামনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা জেলা ইউনিটের প্রধান আবেছ উদ্দিন, জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান, জেলা ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী, গিয়াস উদ্দিন, রহমত আলী, ডা. নুরু হক, আজিজুল হক, মজিবুর রহমান, শাহাদতসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মরহুম আব্দুল মান্নান নান্নু মিয়া স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান নান্নু মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন



