জীবননগর ও মহেশপুর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ২-২ গোলে ড্র

রকিবুজ্জামান জীবননগর
সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে জীবননগর প্রেসক্লাব ও প্রেসক্লাব মহেশপুরের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় মহেশপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর এ ম্যাচে উভয় দল ২-২ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে। ম্যাচের উদ্বোধন করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এবং মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ে উভয় দল দুটি করে গোল করলে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। দুই দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে ম্যাচটি আরও উপভোগ্য হয়ে ওঠে।
খেলা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন প্রীতি ম্যাচের আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রেসক্লাব মহেশপুরের পক্ষে খেলায় অংশ নেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন জিয়া প্রমুখ।
অপরদিকে জীবননগর প্রেসক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, সম্রাট হোসেন, আহমদ সগীর, আল আমীনসহ অন্যান্য সদস্যরা।
এ সময় জীবননগর প্রেসক্লাব ও প্রেসক্লাব মহেশপুরের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।