চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক ‘পদধ্বনি’ আসর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬২৫তম পর্ব গতকাল শুক্রবার বিকাল চারটায় পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা।
অনুষ্ঠানে জুলাই শহীদ দিবসকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কবীর মুকুলের ছোট ভাই এনামুল কবীর টুকুলের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, মরিয়ম সুলতানা ভুবন, হারুন অর রশিদ, খালেকুজ্জামান, বনলতা, মো: শহিদুল ইসলাম, আবু নাসিফ খলিল, আনছার আলী, পূর্ণিমা সাহা, অধ্যক্ষ শাহজাহান আলী। কবিতা আবৃত্তি করেন অ্যাডভোকেট বজলুর রহমান।
পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, হুমায়ুন কবীর, নজীর আহমেদ, অধ্যক্ষ শাহজাহান আলী, আবু নাসিফ খলিল, জি এম জোয়ার্দার, আলাউদ্দীন, অ্যাডভোকেট বজলুর রহমান।
আলোচনান্তে বিশিষ্ট সাংস্কৃতিমনা নাট্য ব্যাক্তিত্ব মো: আলাউদ্দীন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য হওয়ার ইচ্ছে পোষনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত পাঠাগারের বই চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে দান করবেন বলে অভিমত প্রকাশ করেন। কবিতা আবৃত্তির মাঝে কবি শেখ পিন্টু তার সম্পাদিত সাহিত্য সংকলন শব্দসারি উপস্থিত কবি সাহিত্যিকদের মাঝে বিতরণ করেন। চিত্রশিল্পী জিএম জোয়ার্দার তাৎক্ষনিক পূর্ণিমা সাহার একটি জীবন্ত ছবি একে সভাপতির মাধ্যমে উপহার দেন।
সবশেষে সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬২৫তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।