দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম ঝন্টুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় দামুড়হুদা মিনি স্টেডিয়ামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর নিজ গ্রাম বদনপুর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রথম জানাজা শেষে মরহুমের কর্মময় জীবন, রাজনৈতিক অবদান ও ব্যক্তিগত গুণাবলির স্মৃতিচারণ করে বক্তব্য দেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম মর্তুজা, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কামাল উদ্দিন, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, অ্যাডভোকেট আবু তালেব, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা শফিউল কবীর ইউসুফ, সাবেক জামায়াত নেতা মাওলানা আব্দুস সাত্তার, মরহুমের বড় শ্যালক কামাল আহম্মেদ এবং তার একমাত্র ছেলে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান উদয়।
বক্তারা বলেন, সিরাজুল আলম ঝন্টু দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তিনি ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য, সৎ ও সম্মানিত একজন মানুষ।
উল্লেখ্য, গত ২৮ জুন বিকেলে দামুড়হুদা উপজেলা সদরের গুলশানপাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জানাজা ও দাফানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের শত শত মানুষ অংশ নেন। দল-মত নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শেষ বিদায়ে শোকের আবহ সৃষ্টি হয় পুরো এলাকায়।
দামুড়হুদার উপজেলা আ’লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টুর দাফন সম্পন্ন শেষ বিদায়ে দল-মত নির্বিশেষে মানুষের ঢল



