দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে নবাগত ইউএনও লাভলী ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানান দামুড়হুদা ও দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকরা।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরবেন। ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলেই লিখবেন। প্রশাসনের পক্ষ থেকে তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে সব ধরনের সহযোগিতা করা হবে এবং আপনারাও সহযোগিতা করবেন। আমরা সবাই মিলে একটি মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত, শিক্ষাবান্ধব ও উন্নত দামুড়হুদা গড়ে তুলতে কাজ করতে চাই। এসময় তিনি জোর দিয়ে দামুড়হুদা উপজেলায় মাদকে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। মাদক, বাল্যবিবাহ, অবৈধ বালু উত্তোলনসহ যেকোনো অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। জনগণের স্বার্থে প্রশাসনের দরজা সবসময় উন্মুক্ত থাকবে এবং সবার সহযোগিতা নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত দামুড়হুদা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, রকিবুল হাসান তোতা, তাসির আহমেদ, হাবিবুর রহমান, আরিফুল ইসলাম মিলন, মেহেদী হাসান মিলন, হাফিজুর রহমান কাজল, মোজাম্মেল শিশির, শাহজালাল বাবু, শেখ হাতেম, জহুরুল ইসলামহর দর্শনা প্রেসক্লাবের সভাপতি একরামুল হক পিপুল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, আহসান মামুন, আওয়াল হোসেন, কামরুজ্জামান যুদ্ধ, বাঁধন, শেখ সাদিকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
দামুড়হুদায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত



