স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদ্য মনোনীত সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতায় বালক-বালিকা ৪টি গ্রুপে বিভক্ত হয়ে ২৫ টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে।
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এনডিসি আলাউদ্দিন আল-আজাদ। তিনি নিজেই অতিথির সঙ্গে নিয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হন। বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় প্রধান অতিথি আলাউদ্দিন আল আজাদ চমৎকার খেলে প্রথম স্থান দখল করেন। এসময় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে আসা বালক বালিকারা প্রধান অতিথিকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান।
শামসুন্নাহার শিলার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি। প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন আল আজাদ বলেন, লেখা-পড়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা শারীরিক এবং মানসিক বিকাশ ঘটায়। আমিও যখন তোমাদের মত শিক্ষার্থী ছিলাম,তখন লেখা-পড়ার পাশা-পাশি খেলা-ধুলার কোন সুযোগ আসলে সেটি হেলায় হারাতাম না। তাই লেখা-পড়ার একঘেয়েমিতা রোধ ও শারীরিকভাবে সুস্থ থাকতে হলে নিয়মিত খেলাধুলা করার বিকল্প নেই ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, হাফিজুর রহমান, বিলকিচ নাহার, রিপা শাহরিয়ার, আইরিন ইসলাম, সাইফুল ইসলাম, রেজাউল হক, খাজের আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত



