দর্শনার কামারপাড়া সীমান্তে বিজিবির অভিযানে মাটির নিচ থেকে বিদেশী পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার

দর্শনা অফিস
দর্শনা সীমান্তের কামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও  ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ভোর ৫ টার দিকে সীমান্তবর্তী কামারপাড়া গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায় , সোমবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ বারাদী বিওপি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্তের ৮১ নং মেইন পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার দর্শনা থানার  কামারপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে বিজিবির একটি দল, স্থানীয় বাসিন্দা মোঃ আজিম উদ্দিন মাস্টারের আমবাগানে তল্লাশি চালায়। একপর্যায়ে বাগানের মাটির নিচে পুতে রাখা পরিত্যক্ত অবস্থা থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকের আনুমানিক বাজার মূল্য মোট ১ লাখ ৭ হাজার ২০০ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ গণমাধ্যমে এক প্রেস   বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেওয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।