আলমডাঙ্গা অফিস
সময়ের ব্যবধানে একটি বছর পেরিয়ে গেলেও আলমডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে এখনও অনুভূত হয় এক পরিচিত মুখের অনুপস্থিতি। রাজপথের লড়াকু সৈনিক, সংগঠক ও বিএনপির ত্যাগী নেতা এমদাদুল হক ডাবুর প্রয়াণের এক বছর পূর্ণ হয়েছে ১৫ জুন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দোয়া মাহফিল।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনীতিতে এমদাদুল হক ডাবু ভাইয়ের যে মেধা, আদর্শ ও বিশ্লেষণী ক্ষমতা ছিল, তা অনুকরণীয়। তাঁর রাজনৈতিক আদর্শ যদি কেউ ধারণ করতে পারে, তাহলে আলমডাঙ্গাতেও অনেক যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে পারে। তিনি যেভাবে আলমডাঙ্গায় দল ও সংগঠনকে গড়ে তুলেছেন এবং নেতৃত্ব দিয়েছেন, আমরা তা অনুসরণ করবো।‘ বিএনপি ও অঙ্গ-সংগঠনের প্রয়াত সকল নেতাকে স্মরণ করে এরশাদ মঞ্চে একটি বৃহৎ স্মরণসভার আয়োজন করা হবে। সময় নিয়ে এ আয়োজন করা হবে, যাতে প্রয়াত নেতাদের স্মৃতিচারণ করা যায়। সেদিন মঞ্চ উন্মুক্ত থাকবে এবং কাঙালি ভোজেরও আয়োজন করা হবে।‘ বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে শরীফুজ্জামান শরীফ বলেন, এখন বিএনপিতে সবাই নেতা, কিন্তু কর্মী খুব কম। দলকে আরও শক্তিশালী করতে হলে কর্মীবান্ধব রাজনীতির চর্চা বাড়াতে হবে।‘
প্রধান বক্তার বক্তব্যে প্রয়াত নেতা এমদাদুল হক ডাবুকে স্মরণ করে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু বলেন, ডাবুর সাংগঠনিক দক্ষতা ছিল অসাধারণ। বর্তমানে যারা ছাত্রদল ও যুবদল করছেন, তাঁদের কাছে তাঁর সংগ্রাম ও সাহসের ইতিহাস অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা সবাই তাঁর জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তিনি আরও বলেন, এমদাদুল হক ডাবুসহ বিএনপির প্রয়াত নেতাদের একটি তালিকা প্রস্তুত করতে চাই। যাতে তাঁদের স্মরণে আমরা সবাই একত্রিত হতে পারি এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পারি।
স্মরণসভা সভাপতিত্ব উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন।
এছাড়াও বক্তব্য দেন প্রয়াত নেতা এমদাদুল হক ডাবুর ছোট ভাই চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও চ্যানেল ডি.ও নিউজের সিইও আব্দুল্লাহ টিপু সুলতান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি বোরহান উদ্দীন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, এমদাদুল হক ডাবুর বড় ছেলে আবির আনাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান প্রমুখ। সভায় বক্তারা প্রয়াত নেতা এমদাদুল হক ডাবুর রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও দলের প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. সাফি। দোয়া মাহফিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আলমডাঙ্গায় বিএনপি নেতা এমদাদুল হক ডাবুর প্রথম মৃত্যুবার্ষিকীতে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ



