দুই দিনের ব্যবধানে সরোজগঞ্জ বাজারে আবারও চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে দুই দিনের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার চোরের টার্গেট ছিল সার ও কীটনাশকের ব্যবসা প্রতিষ্ঠান গোলাম ট্রেডার্স। দোকানের টিনশেড কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, সরোজগঞ্জ বাজারে মানিক চেয়ারম্যানের বাড়ির সামনে অবস্থিত গোলাম ট্রেডার্সের মালিক নাজমুল হোসেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সংঘটিত এ ঘটনায় চোরেরা দোকানের টিনশেড কেটে ভেতরে প্রবেশ করে বেচাকেনার নগদ প্রায় ২৫ হাজার টাকা এবং বিভিন্ন কীটনাশকসহ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, চোরেরা চুরি শেষে তড়িঘড়ি করে পালিয়ে যাওয়ার সময় টিন কাটার একটি মেশিন ও একটি কাঁচি ফেলে রেখে যায়। এছাড়া দোকানের ভেতরে বিভিন্ন স্থানে ফোঁটা ফোঁটা রক্তের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, টিনশেড কেটে দোকানে প্রবেশের সময় কোনো চোর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়েছিল। তদন্তের স্বার্থে এসব আলামত সংরক্ষণ করা হয়েছে। দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজেও একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে বলে জানা গেছে। ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে।
দোকানের মালিক নাজমুল হোসেন জানান, গত ৫ নভেম্বর ২০২৪ সালেও একই কায়দায় আমার দোকানের টিনশেড কেটে নগদ টাকা ও প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একইভাবে চুরির শিকার হলাম। বারবার চুরির ঘটনায় আমি চরম ক্ষতির মুখে পড়েছি।
তিনি আরও বলেন, চুরির ঘটনায় নাইট গার্ডের গাফিলতির বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। চুরির সময় নাইট গার্ড বাজারের আশপাশেই অবস্থান করছিল বলে জানতে পেরেছি। অথচ এত বড় ঘটনা ঘটলেও তিনি কিছুই টের পাননি। আমার ধারণা, নাইট গার্ডকে জিজ্ঞাসাবাদ করলে চোরচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।
এদিকে সরোজগঞ্জ বাজারে অল্প সময়ের মধ্যে একাধিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা রাতের নিরাপত্তা জোরদার, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দ্রুত তদন্ত এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় ধারাবাহিক চুরির ঘটনা ঘটলেও এখনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও ঘটনাস্থল থেকে পাওয়া আলামতের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।