ঝিনাইদহ অফিস
ভারতীয় পুশইনের নামে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর অপচেষ্টা এবং দেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট। শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবুবকর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, কাজী ছগীর আহম্মেদ ও ডা. মনোয়ার হোসেন, হরিণাকুণ্ডু উপজেলা আমীর বাবুল হোসেন, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হক মোল্লা এবং এনসিপির সদস্য সচিব আরেফিন কায়সার। সমাবেশটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল।
বক্তারা বলেন, পুশইনের নামে সীমান্ত দিয়ে বাংলাদেশে লোক প্রবেশ করানোর বিষয়ে যে অভিযোগ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা দেশের নিরাপত্তা, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারের আরও কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ সময় নেতারা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট এবং বিভিন্ন সংকট তৈরির উদ্দেশ্যে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ বলেন, জাতীয় স্বার্থ ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। বাংলাদেশকে ঘিরে যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
ভারতীয় পুশইন ইস্যুতে ঝিনাইদহে জামায়াত ও ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল



