চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ‘৭১ টিভি’র জেলা প্রতিনিধি এম.এ মামুনের স্ত্রী সীমার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ৭১ টিভির জেলা প্রতিনিধি এম.এ মামুনের সহধর্মিণী ফারহানা ইয়াসমিন সীমা (৪৪)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সীমা মারা যান। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা সন্তান (দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী) মানহা, স্বামী এম.এ মামুনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। গতকাল বাদ জোহর জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের সময় ছোট্ট কন্যা মানহার হৃদয়বিদারক কান্নায় উপস্থিত মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। জানাজায় সাংবাদিক সহকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমকর্মী এবং মরহুমার আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। জানাজা পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ।
উল্লেখ্য, ৭১টিভি-এর সাংবাদিক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সদস্য এম.এ মামুনের সহধর্মিণী ফারহানা ইয়াসমিন সীমা বৃহস্পতিবার ভোরে (১ রমজান) ইন্তেকাল করেন। ২০১৯ সালে তার শরীরে টিউমার ধরা পড়ে এবং পরবর্তীতে ক্যান্সার শনাক্ত হয়। দেশে ও ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শোকাহত স্বামী এম এ মামুন অশ্রুসিক্ত নয়নে জানান, স্ত্রীর চিকিৎসার জন্য দেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও ভারতের ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করানো হয়েছিল। তিনি মহান আল্লাহর কাছে মরহুমার মাগফিরাত ও জান্নাত কামনা করেন। পরিবারের সদস্যরা জানায়, আজ শুক্রবার বাদ জুমা কোর্ট মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।