আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আলমডাঙ্গা ব্যায়ামাগারের নিয়মিত সকালের শরীরচর্চা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। শনিবার সকালে তিনি মাঠে উপস্থিত হয়ে ব্যায়ামাগারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে শরীরচর্চায় অংশ নেন।
এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যায়ামাগার সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে সদস্যরা তাঁদের বিভিন্ন চাওয়া-পাওয়া, সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন। অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল মনোযোগ সহকারে সেসব কথা শোনেন এবং গঠনমূলক পরামর্শ দেন।
তিনি বলেন, সুস্থ শরীর গঠনের মাধ্যমেই সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। তরুণ সমাজকে খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার প্রতি আগ্রহী করে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
স্থানীয়রা জানান, একজন সংসদ সদস্য পদপ্রার্থী মাঠে-ময়দানে এসে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতেও এ ধরনের জনসংযোগমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে মতবিনিময় ও অংশগ্রহণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ সময় ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক শফিউল আলম বকুলসহ ব্যায়ামাগারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা ব্যায়ামাগারে শরীরচর্চায় অংশ নিলেন অ্যাডভোকেট রাসেল



