সাইদুর রহমান, দামুড়হুদা অফিস :
দামুড়হুদার জুড়ানপুরবাসীর ভালোবাসায় মুগ্ধ হয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল মাসুম বাবু। শুক্রবার বিকালে জুড়ানপুর ইউনিয়নে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী আল মাসুম বাবু বলেন, “আপনারা আমার আপনজন। আপনাদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে জুড়ানপুরের উন্নয়নে কাজ করতে চাই।” “আমার শ্রদ্ধেয় চাচা সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমি জুড়ানপুরকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা পাশে থাকলে এই পরিবর্তন সম্ভব।” এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনতা হাত তুলে আল মাসুম বাবুকে সমর্থন জানান এবং নির্বাচনে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
দামুড়হুদার জুড়ানপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আল মাসুম বাবুর মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত



