চুয়াডাঙ্গায় আজ অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ১০৭ পদের বিপরীতে লড়াই ৮৫৪৯ প্রার্থীর, ১০টি কেন্দ্রে হবে পরীক্ষা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা। বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০টি কেন্দ্রে অংশ নিচ্ছেন ৮ হাজার ৫৪৯ জন পরীক্ষার্থী। পদ শূণ্য রয়েছে ১০৭টি। গড়ে প্রতি একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৮০ জন চাকরিপ্রার্থী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার চার উপজেলায় বর্তমানে সহকারী শিক্ষকের মোট ১০৭টি পদ শূন্য  রয়েছে। এর মধ্যে আলমডাঙ্গায় ৩০টি, জীবননগরে ২৫টি, দামুড়হুদায় ৩৩টি এবং সদর উপজেলায় ১৯টি পদ শূন্য। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে নিয়োগ সংক্রান্ত সব কার্যক্রম রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল প্রস্তুত সম্পূর্ণভাবে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি গ্রহণ করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
জেলায় কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো, চুয়াডাঙ্গা সরকারি কলেজ (কেন্দ্র-১) ১ হাজার ২২৪ জন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ (কেন্দ্র-২) ৯১৬ জন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ ১ হাজার ২১৬ জন, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ৯৮৬ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১ হাজার জন, সরকারি আদর্শ মহিলা কলেজ ৮৮৪ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ৮৮০ জন, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় ৫০০ জন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫৪৩ জন এবং মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় ৪০০ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল বলেন, পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় অবলম্বনের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলা প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রশ্নফাঁসের গুজব কিংবা দালালচক্রের প্রলোভনে বিভ্রান্ত না হতে সবাইকে সতর্ক করা হয়েছে। অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রস্তাব পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা গোয়েন্দা সংস্থাকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে) ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি।  যেখানে প্রতি পদের বিপরীতে প্রতিযোগী প্রায় ৭৩ জন। ২০২৫ সালের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করে প্রক্রিয়াটি শুরু হয়। প্রসংগত গত ২ জানুয়ারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সংশ্লিষ্ট দপ্তর পরীক্ষা স্থগিত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।