আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠ থেকে মজনু আলী (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মজনু আলী উপজেলার তিয়রবিলা গাজীপাড়ার মৃত মন্টু আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে কায়েতপাড়া মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানান এবং আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ জানায়, তদন্তে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি রহস্যজনক। পুলিশ তদন্ত শুরু করেছে।
আলমডাঙ্গায় মাঠ থেকে মজনু আলীর মরদেহ উদ্ধার রহস্যজনক মৃত্যুর মোটিভ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ



