স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর মোড়ে বালি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গার কানাপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির প্রাচীর ভেঙে ঢুকে যায় ট্রাকটি। দুর্ঘটনার পরপরই ট্রাক ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী জানান। এতে জনমনে ক্ষুদ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া থেকে আসা একটি বালি বোঝাই ডামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চুয়াডাঙ্গার কানাপুকুর এলাকার ফিরোজ উদ্দিন জোয়ার্দারের বাড়ির প্রাচীর ভেঙে ঢুকে পড়ে। এতে বাড়ির প্রাচীর এবং ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মুহূর্তেই দুমড়ে মুছরে যায় ট্রাকটি। তৎক্ষণাৎ ট্রাক রেভে পালিয়ে যায় ট্রাকটির চালক। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনা কবলিত বাড়িটির মালিক ফিরোজ উদ্দিন জোয়ার্দার বলেন, ভোর সাড়ে ৫টার দিকে বিকট এক শব্দে আমার ঘুম ভাঙ্গে। মনে হচ্ছিল বাড়িটি মাথার উপরে ভেঙে পড়বে। পরে বাইরে বেরিয়ে দেখি এই বালি বোঝাই ট্র্যাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আমার বাড়ির দেওয়ালে ধাক্কা দিয়েছে। হয়তো গাড়ি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়েছিল তাই দুর্ঘটনাটি হয়েছে। তাছাড়া এই সড়কটি প্রায়ই বোঝাই ট্রাকে যানজট সৃষ্টি হয়ে থাকে। কুষ্টিয়া থেকে বালি আনা নেওয়া করতে এই সড়কটি মূল ভূমিকা পালন করে। সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
পথচারী আজাদ হোসেন বলেন, কয়েকদিন আগেও পিটিআই মোড়ে এমন একটি বালুর ট্রাকের সংঘর্ষে একজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আবার আজকেও বালির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এমন একটি দুর্ঘটনা ঘটলো। এ ঘটনায় এলাকায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চালকদের আরও পেশাদারিত্বের সঙ্গে গাড়ি চালানোর তাগিদ দিয়েছেন এলাকাবাসী। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বাড়ির মালিক ও ট্রাক মালিকের সাথে সমঝোতার ভিত্তিতে বিষয়টির নিস্পত্তি হয়েছে।
চুয়াডাঙ্গা কানাপুকুর পাড়ায় বাড়ির প্রাচীর ভেঙে ঢুকে গেল বালি বোঝাই ডামট্রাক



