চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আয়োজনে চুয়াডাঙ্গায় উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমাদের সমাজে যেসব শিশু শারীরিকভাবে কোনো না কোনো সমস্যায় ভুগছে, তারা কোনোভাবেই সমাজের বাইরে নয় বা কম গুরুত্বপূর্ণ নয়। বরং তারা আমাদের সমাজেরই একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বহু গুণী ও প্রখ্যাত ব্যক্তি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অসাধারণ মেধা ও জ্ঞান দিয়ে সমাজ ও সভ্যতাকে সমৃদ্ধ করেছেন। কেউ হাঁটতে পারেননি, হুইলচেয়ারের ওপর নির্ভরশীল ছিলেন, কিন্তু তাঁদের চিন্তা, মেধা ও সৃজনশীলতা পুরো সমাজকে আলোকিত করেছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কোনো বাবা-মায়ের সন্তান যদি সামান্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয় তবে সমাজ তো বটেই, কখনো কখনো পরিবার থেকেও সে অবহেলার শিকার হয়। এই মানসিকতা অত্যন্ত বেদনাদায়ক ও অমানবিক।
জেলা প্রশাসক আরোও বলেন, আমি সমাজের সকল মানুষের প্রতি আহ্বান জানাতে চাই আমাদের চারপাশে যে সকল শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রয়েছে তাদের যেন আমরা কখনোই অবহেলার চোখে না দেখি। কারণ হতে পারে এই শিশুটিই একদিন আমাদের সমাজকে গর্বিত করবে, আলোকিত করবে। যে শিশু শারীরিক সমস্যায় ভুগছে, তাকে কখনোই অবহেলা করা উচিত নয়। বরং তাকে ভালোবাসা, সহানুভূতি ও সমান মর্যাদা দেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের এসব বিষয় সম্পর্কে সচেতন করা জরুরি। স্কুলের শিশুদের বোঝাতে হবে তাদের সহপাঠীদের মধ্যে কেউ শারীরিক সমস্যায় থাকতে পারে, কিন্তু তাতে তারা কম যোগ্য নয়। তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, কোনোভাবেই তুচ্ছ-তাচ্ছিল্য বা অবমাননাকর আচরণ করা যাবে না। আমাদের সবাইকে মনে রাখতে হবে শারীরিক সীমাবদ্ধতা কোনো শিশুর সম্ভাবনার শেষ নয়। তারা সমাজের বোঝা নয় বরং যথাযথ সুযোগ, সহায়তা ও ভালোবাসা পেলে তারাই হতে পারে আগামীর গর্ব ও সমাজ গঠনের প্রধান শক্তি।
এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
জীবননগর অফিস জানায়, প্রযুক্তি ও মানবতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামান মনির, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সংস্থার প্রতিনিধি ও সুবিধাভোগীরা। আলোচনা সভা শেষে ৫ জন প্রতিবন্ধীকে কার্ড এবং তিনজনকে কম্বল দেওয়া হয়।
আলমডাঙ্গা অফিস জানায়, গতকাল শনিবার সকাল দশটায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে স্বাধীনতা স্তম্ভ মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এম এস জোহা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক সাঈদ এম হিরোন, নওলামারি আলিম মাদ্রাসার প্রভাষক সাহিদ শাহিন, সহকারী শিক্ষক ফকির চাঁদ, দেশ সেবা সংস্থার প্রতিনিধি সিরাজুল ইসলাম, ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি আশরাফুল ইসলাম, একটি এতিমখানার পরিচালক আব্দুল কাদের, হাফেজ রবিউল ইসলাম, মাহবুবুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার সালমা আক্তার ও শামিমা খাতুন, ইউনিয়ন সমাজকর্মী শহিদুল ইসলাম, রফিক, হাফিজ, শামিম আলী, খোদা বক্স, রুমা খাতুন, জহুরুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানায়, “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।