স্টাফ রিপোর্টার
‘প্রথম আলোর কোনো বিকল্প নেই। আমাদের দেশে হাজার হাজার পত্রিকা আছে। তার মধ্যে প্রথম আলো এক নম্বরে। এর পেছনে আছেন সম্পাদক মতিউর রহমান। যেখানে বন্যা, সংকট, আইলা-সিডর, সেখানেই প্রথম আলো।’ কথাগুলো বলেছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা প্রথম আলোর সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা ও নানা ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা করেন। এ উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমপসিবল’-এর উদ্বোধনী প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস বলেন, প্রথম আলো অনেক চড়াই-উতরাই পেরিয়ে এসেছে। নানা রোষানলে পড়েছে। তারপরও নিজেদের নীতিতে অটল থেকেছে। অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে পত্রিকাটির অবস্থান প্রশংসনীয়।
জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন বাংলাদেশের স্বনামধন্য জাতীয় দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা শিল্পকলা একাডেমি এবং চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন বলেন, প্রথম আলোর সামাজিক দায়বদ্ধতার জায়গাটি গুরুত্বপূর্ণ। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়া এবং প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোসহ নানা কর্মসূচি রয়েছে পত্রিকাটির।
জাসাসের জেলা সভাপতি সহিদুল হক বিশ্বাস বলেন, প্রথম আলো বাংলাদেশের একটি বিশেষ পত্রিকা। দেশের বিভিন্ন জায়গায় পত্রিকাটিকে মানুষ সাদরে গ্রহণ করেন। যে বাড়িতে প্রথম আলো রাখা হয়, সেই বাড়ির মানুষ এটিকে গর্বের বিষয় মনে করেন। প্রথম আলোর খবরের বিশ্বাসযোগ্যতা রয়েছে। ভবিষ্যতেও পত্রিকাটি আরও উন্নতি করুক, এগিয়ে যাক। জহির রায়হান বলেন, তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানের প্রতিটি কার্যালয়ে প্রথম আলো রাখা হয়। তবে মানুষের সংবাদপত্র পড়ার অভ্যাস কমে গেছে। ইলেকট্রনিক গণমাধ্যমে মানুষ আগেভাগেই খবর জেনে যাচ্ছেন, এটিও এর একটি কারণ। তারপরও ছাপা পত্রিকা পড়ার তৃপ্তি আলাদা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ, উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আদিল হোসেন এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি।
অনুষ্ঠানে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমপসিবল’-এর উদ্বোধনী প্রদর্শনী হয়। শাহ আলম সনি রচিত ও পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেন বন্ধুসভার সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আল মোতাকাব্বির সাকিব, যুগ্ম সম্পাদক সুমাইয়া ইসলাম এবং সদস্য খাদিজা ইসলাম, জান্নাতুল মাওয়া জোয়ার্দ্দার, সালমান ফার্সি, সামিউল ইসলাম, ইওফাজ আহমেদ কাব্য ও শাওন কুমার রায়। নাটকটি চিত্রগ্রহণ ও সম্পাদনা অজয় পাল। অতিথিসহ উপস্থিত সকলেই স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে বিষয় নির্বাচন, পরিচালনা ও অভিনয়ের প্রশংসা করেন।



