জীবননগরে মিনাজপুরে পূর্ববিরোধের জেরে এলোপাতাড়ি কুপিয়ে খালেক নামে এক ব্যক্তিকে হত্যা

জীবননগর অফিস :

জীবননগরে মিনাজপুরে  পূর্ববিরোধের জেরে আব্দুল খালেক (৫৫) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার ৩ নম্বর বাঁকা ইউনিয়নের বাঁকা পূর্বপাড়ার বাসিন্দা। তিনি আজের বাক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৮টার মধ্যে কোনো একসময় ব্যক্তিগত প্রয়োজনে নিজ গ্রাম বাঁকা থেকে পাশের মিনাজপুর গ্রামে যাচ্ছিলেন আব্দুল খালেক। পথে বাঁকা গ্রামের ইলাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যান।

পরে ওসমান গনি (৪৫), ইসমাইল হোসেন (৪০) ও তাঁর সাবেক স্ত্রী পাপিয়া খাতুন (৪০) তাঁকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে জানা গেছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় দুই বছর আগে আব্দুল খালেকের সঙ্গে পাপিয়া খাতুনের বিবাহবিচ্ছেদ হয়। এর আগে পারিবারিক বিরোধের জেরে আব্দুল খালেকের বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। পরে জামিনে মুক্তি পাওয়ার পর এ ঘটনাকে কেন্দ্র করে সাবেক স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ চলছিল।

স্থানীয়দের ধারণা, পুরোনো সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ কী এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।