চুয়াডাঙ্গার গহেরপুর সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, সাবেক দুই ইউপি চেয়ারম্যানকে জিম্মি করে মারধর ও লুটপাট

হিজলগাড়ী প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর সড়কে মাটির বস্তা ফেলে ব্যারিকেড সৃষ্টি করে একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ইউনিয়নের দুই সাবেক চেয়ারম্যানসহ বেশ কয়েকজন সাধারণ যাত্রীকে জিম্মি করে মারধর করে এবং তাদের নিকট থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গতকাল বুধবার রাত দেড়টার দিকে ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গহেরপুর সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই সংঘবদ্ধ একদল ডাকাত রাস্তার উপর মাটির বস্ততা রেখে পথরোধ করে। এ সময় মাইক্রোবাস যোগে ওই সড়ক দিয়ে পার হচ্ছিলেন গড়াইটুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, পাশ্ববর্তী মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আল ইমরানসহ বেশ কয়েকজন যাত্রী। ডাকাতরা তাদের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর ডাকাত দল পথচারীদের ওপর শারীরিক নির্যাতন চালায় এবং হত্যার হুমকি দিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। প্রায় ঘণ্টাব্যাপী এ তাণ্ডব চালিয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় ডাকাতের কবলে পড়াদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, সম্প্রতি ওই এলাকায় রাতের বেলা চলাফেরা অনিরাপদ হয়ে উঠেছে। অপরাধীদের দৌরাত্ম্য রুখতে সড়কে পুলিশি টহল ও নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।