৩৪ বছরের কর্মজীবনের অবসান আলমডাঙ্গা শ্যামপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপারের , বিদায় জানাতে অশ্রুসিক্ত শিক্ষার্থীরা

খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনের অবসান। যে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন, যাঁর হাত ধরে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ, সেই প্রিয় প্রতিষ্ঠান থেকেই অবশেষে বিদায় নিতে হলো তাঁকে। বিদায়ের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই। প্রিয় শিক্ষকের বিদায়বেলায় শিক্ষার্থীদের অশ্রুসিক্ত চোখ আর সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণে শ্যামপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী পরিবেশ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্যামপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আখতারুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মাদ্রাসা চত্বরে পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ইমরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শহিদুল হক, সমাজকর্মী আমানুল হক ওল্টু, মাওলানা ছাদেক আলী, মাওলানা কালিমুল্লাহ, সোহরাব উদ্দিন, হাজী আব্দুল বাতেন ও প্রভাষক আসাদুজ্জামান।
মাদ্রাসার শিক্ষক আহাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক মুসলেম উদ্দিন, আব্দুল ওয়াহেদ এবং শিক্ষার্থীদের মধ্যে মিরাজ আলী, বিনা খাতুন ও সাদিয়া আফরোজসহ অনেকে। তারা বলেন, বিদায়ী সুপার মো. আখতারুজ্জামানের দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। শিক্ষার্থীদের পাঠদান, শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মো. আখতারুজ্জামান। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি কিংবা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। শিক্ষার্থীদের শাসন কিংবা সংশোধনের পেছনে তাঁদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যাশাই কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় বিদায়ের আবেগঘন মুহূর্তে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে।
অনুষ্ঠানে বিদায়ী সুপারকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। দীর্ঘ ৩৪ বছরের দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিকভাবে কর্মজীবনের ইতি টানলেন মো. আখতারুজ্জামান। তবে তাঁর হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থীর জীবনে শিক্ষা, আদর্শ ও ভালোবাসার স্মৃতি হয়ে বেঁচে থাকবেন তিনি। কর্মজীবনের অবসান হলেও শিক্ষক-শিক্ষার্থীর আত্মিক সম্পর্ক যে কখনো শেষ হয় না, শ্যামপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার এই অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা যেন তারই এক আবেগঘন দৃষ্টান্ত হয়ে রইল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।