খন্দকার শাহ আলম মন্টু; আলমডাঙ্গা
আলমডাঙ্গায় পোষা ঘুঘু পাখিকে টোপ হিসেবে ব্যবহার করে বন্য ঘুঘু শিকারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ২১টি ঘুঘু উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বায়োডাইভার্সিটি ইয়ুথ কানেক্ট-বিওয়াইসি’। পরে স্থানীয়দের সহযোগিতায় শিকারিদের কাছ থেকে উদ্ধার হওয়া পাখিগুলো উপজেলা প্রশাসনের উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে।
একটি ফোনকলের মাধ্যমে শ্যামপুর গ্রামে পাখি শিকারের খবর পায় বিওআইসি এর সদস্যরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সংগঠনের সদস্যরা। সেখানে তল্লাশি চালিয়ে মূল ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দুই ব্যক্তিকে পাখি শিকাররত অবস্থায় শনাক্ত করেন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ও খাঁচা থেকে মোট ২১টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে ধস্তাধস্তির একপর্যায়ে ১০টি পাখি উড়ে যায়। পরবর্তী সময়ে বাকি ঘুঘুপাখী গুলো উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া পাখি ও শিকারিদের শ্যামপুর ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের বাড়ি যশোরের নোয়াপাড়ায় বলে জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে এ পেশায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের ভাষ্যমতে, শিকার করা ঘুঘু যশোর শহরে নিয়ে প্রতিটি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করতেন।
ঘটনাটি জানাজানি হলে মুহূর্তেই মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীদের ভিড় জমে। পরে গ্রামবাসী ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে পাখি শিকারে জড়িত না থাকার ভিডিও মুচলেকা নেওয়া হয়। এ সময় তাঁদের ব্যবহৃত শিকারের সরঞ্জাম, খাঁচা ও পাখি জব্দ করা হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে উদ্ধার হওয়া ঘুঘু পাখিগুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নওরোজ সাঈদ স্যার, আলমডাঙ্গা সরকারি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহবুব আলম, চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সভাপতি সাঈদ এম হিরন, সাধারণ সম্পাদক আরাফাত রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক আর. এ. তামান্না, নদ-নদীবিষয়ক সম্পাদক এ. এইচ. তারিফ এবং সদস্য শাওন আহমেদ ও নাফিজ আহমেদসহ স্থানীয় সাংবাদিকরা।



