বসতভিটা দখলের চেষ্টা ও ন্যায়বিচারের দাবিতে জীবননগরের প্রয়াত সাংবাদিক আনোয়ারুল কবীরের পরিবারের সংবাদ সম্মেলন

জীবননগর অফিস:
বসতভিটা দখলের চেষ্টা, বাড়ির প্রবেশপথ অবরুদ্ধ ও ন্যায়বিচারের দাবিতে জীবননগরের প্রয়াত সাংবাদিক আনোয়ারুল কবীরের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার বেলা ১১ টায় জীবননগর শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের প্রয়াত সাংবাদিক আনোয়ারুল কবিরের স্ত্রী মোছা. পারভিন আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে বলা হয়, আমার বাড়ির গেটের সামনে বেড়া দিয়ে আটকিয়ে দেওয়ায় আমি নিজের বাড়িতেই ফিরতে ঢুকতে পারছিনে। আমার প্রতিপক্ষ মৃত রমজান আলীর পুত্র শান্তি মিয়া আমার বাড়ির গেটের সামনে বাঁশের রেলিং ও ইটের দেওয়াল দিয়ে দুইস্তরের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমার বাড়ির প্রবেশপথে প্রতিপক্ষ প্রাচীর নির্মাণ করায় আমরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছি। বাধ্য হয়ে আমাকে সন্তানদের নিয়ে নিজের বাড়িঘর ছেড়ে অন্যত্র মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। আমার স্বামী জীবিত থাকা অবস্থায়ও আমাদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল। কিন্তু স্বামীর মৃত্যুর পর আমি একজন অসহায় নারী হয়ে পড়ার সুযোগে সেই বিরোধ যেন নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছিয়েছে।
একই গ্রামের আমার চাচাতো দেবর ও বিএনপি নেতা আরিফুজ্জামান আরিফের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে আমাকে ও আমার সন্তানদের বিভিন্নভাবে লাঞ্ছিত, বঞ্চিত ও হয়রানি করে আসছে। আমাদের বসতভিটার জমি নিয়ে বিরোধে মোট পাঁচটি শরিকের মধ্যে প্রত্যেকেই কমবেশি তাদের নিজ নিজ হিস্যা দখলে রেখেছেন। কিন্তু আমার স্বামীর ন্যায্য হিস্যা থেকে আমাকে ও আমার সন্তানদের বঞ্চিত করার জন্যই যেন একের পর এক চাপ, বাধা ও নির্যাতন চালানো হচ্ছে।
শুধু জমির বিরোধই নয় এর সঙ্গে যুক্ত হয়েছে মারধর, যাতায়াতে বাধা, বাড়িতে প্রবেশে প্রতিবন্ধকতা, সামাজিকভাবে হেয় করা, অপপ্রচার এবং ভয়ভীতি প্রদর্শন। ইতিপূর্বে আমি দুই-তিনবার মারধরের শিকার হয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেসব ঘটনায় আমি কাংখিত বিচার পাইনি। বরং আমার বিরুদ্ধেই এমন অপপ্রচার চালানো হয়েছে যে, আমি নাকি নিজেই নিজের শরীরে আঘাত করে পুলিশের কাছে অভিযোগ করেছি।


দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চললেও বিরোধপূর্ণ জমির সঠিক মাপজোক ও সীমানা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। আমি একাধিকবার ইউনিয়ন পরিষদের আমিনের মাধ্যমে জমি মাপজোকের উদ্যোগ নিয়েছি। কিন্তু প্রতিপক্ষের অনুপস্থিতির কারণে বারবার সেই মাপজোক ও বিরোধ নিষ্পত্তির উদ্যোগ ব্যর্থ হয়েছে। সর্ব শেষ আমি মনোহরপুর ইউনিয়নের মাধ্যমে জমির সিমানা নির্ধারণর জন্য আবেদন করি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ০৭.০৩.২০২৪ তারিখ জমি জরিপের দিন ধায্য করে বিবাদী আরিফুজ্জামান, শান্তি মিয়া, জিনারুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউপি সদস্যকে উপস্থিত থাকার জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু জমি জরিপের দিনে কেউ উপস্থিত না থাকার কারণে অমিমাংশিত ভাবে জরিপ কাজ শেষ হয়। কিন্তু দুঃখজনকভাবে, সমাধানের পথ যতবার খুলতে চেয়েছি, ততবারই কোনো না কোনোভাবে তা বাধাগ্রস্থ হয়েছে।
তিনি বলেন, আমি কারও প্রতি প্রতিহিংসা চাই না। আমি কারও সম্পত্তি দখল করতে চাই না। আমি শুধু আমার স্বামীর ন্যায্য অধিকার, আমার সন্তানদের নিরাপত্তা এবং নিজের বসতভিটায় শান্তিপূূর্ণভাবে বসবাসের অধিকারটুকু চাই। ১. আমাদের বাড়ির প্রবেশপথ অবরুদ্ধ করার অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হাক। ২. বিরোধপূর্ণ জমি নিরপেক্ষভাবে মাপজোক ও সীমানা নির্ধারণের ব্যবস্থা করা হোক।
৩. আমার ও আমার সন্তানদের ওপর কোনো ধরনের হুমকি, হয়রানি বা নির্যাতন হলে তাৎক্ষণিক আইনি সুরক্ষা দেওয়া হোক। ৪. অতীতে সংঘটিত নির্যাতন ও মারধরের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। ৫. কোনো ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় যেন আইনের স্বাভাবিক প্রয়োগে প্রভাব ফেলতে না পারে, তা নিশ্চিত করা হোক। ৬. সর্বোপরি, আমি যেন আমার নিজ বাড়িতে নিরাপদে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারি, সেই পরিবেশ সৃষ্টি করা হোক।
আমাদের আর্তনাদ যেন কোনো রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাপা না পড়ে। আমাদের অভিযোগ যেন প্রভাবশালী কারও প্র্রভাবে হারিয়ে না যায়। মোছা. পারভিন আক্তরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পুত্র মো. আসাদুজ্জামান রিজভী। এ সময় উপস্থিত ছিলেন পারভিন আক্তার, রওশন আরা খাতুন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।