আলমডাঙ্গা অফিস
সার সংকট, সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণ এবং দফায় দফায় কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ডাউকী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল বলেন, আমাদের দেশ কৃষিনির্ভর। অথচ এ দেশের কৃষকরাই সবচেয়ে বেশি অবহেলিত। সার নিয়ে সরকারের শুরু থেকেই নানা অপতৎপরতা ও টালবাহানা চলছে। আমাদের দাবি, প্রতিটি বাজারে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। দেশের অনেক কৃষক নগদ টাকায় সার কিনতে পারেন না, বাকিতেও সার কিনতে হয়। কৃষকেরা সারের দোকানে গিয়ে বাকিতে সার নিয়ে জমিতে প্রয়োগ করেন।
তিনি আরও বলেন, অযোগ্য লোকদের দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে। সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে কৃষকদের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। স্বচ্ছতার ভিত্তিতে ডিলার নিয়োগ হয়নি এটা দুঃখজনক। কৃষকেরা সার সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে প্রস্তুত নন। চিরকুটের মাধ্যমে সার বিক্রি করা হচ্ছে, অথচ কৃষকেরা রাত জেগে লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না। সার উন্মুক্ত বাজারে বিক্রির ব্যবস্থা করতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষি কার্যক্রমকে এগিয়ে নিতে প্রয়োজনে ইউএনও, ডিসি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তর ঘেরাও করা হবে। প্রয়োজন হলে আদালতেরও শরণাপন্ন হব। সার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। আপনারা বিভিন্ন ধরনের কার্ড দিচ্ছেন, জনগণ কিন্তু আপনাদের লাল কার্ড দেখিয়ে দেবে। জামায়াতে ইসলামী উড়ে আসা কোনো খড়কুটা নয়। দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলমডাঙ্গা পৌরসভার আয়-ব্যয়ের হিসাবও বছর শেষে নেওয়া হবে।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও জামজামি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হুসাইন, জেলা আইন ও আদালতবিষয়ক সম্পাদক দারুস সালাম, গাংনী আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা তারবিয়াত সেক্রেটারি বিলাল হুসাইন, আলমডাঙ্গা পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ আলী, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, শ্রম বিভাগের সভাপতি মেহেদী হাসান, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা জামিরুল ইসলাম, উলামা বিভাগ ও মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান এবং মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।



