জীবননগর অফিস
সারসংকট, সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণ এবং দফায় দফায় কৃষি উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় জীবননগর মুক্তমঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, বিএনপি সরকারের আমলে কৃষকরা ঠিকমতো সার পাচ্ছেন না। চলমান সারসংকট সমাধান করতে পারছে না। তাছাড়া নতুন করে এমন ব্যক্তিদের সার ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে, যারা আগে কৃষি উপকরণের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর অভিযোগ, এসব নিয়োগে দলীয় ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্যদিকে জ্বালানি তেলের দাম তিনবার বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ সংকট জনজীবনকে কষ্টকর করে তুলেছে।
তিনি আরও বলেন, সীমান্তের ওপারে থাকা ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশের এক ইঞ্চি জমিও দেওয়া হবে না। যারা আলেমদের হত্যা করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং শাপলা চত্বরে গুলি চালিয়েছে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার দেওয়া হবে না। নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ঠিকাদারদের কাছ থেকে টাকা আদায়, থানায় দালালি কিংবা হাটবাজার ও রাস্তা থেকে চাঁদা আদায়ের জন্য তাঁর কোনো লোক তৈরি হয়নি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেন। এছাড়া জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য মো. মহিউদ্দিনসহ জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



