দামুড়হুদা অফিস :
দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে ধৃত ১ মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে দামুড়হুদা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার হেমায়েতপুর মাঝের পাড়ার দাউদ শেখের ছেলে আকরাম শেখকে (৩৮) ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
একই অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি দশমী পাড়ার আব্দুল লতিফের ছেলে মনিরুল ইসলামসহ (৪০) সিআর ওয়ারেন্টভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো
উপজেলার সুবলপুর গ্রামের সুখসাগর পাড়ার জালাল উদ্দীন এর ছেলে সিরাজুল ইসলাম (৩৫), পীরপুর কোল্লা গ্রামের খালপাড়ার সবদুলের ছেলে শাহীন আলম (২১), পীরপুর কুল্লা গ্রামের ফরিদুল ইসলামের ছেলে তেলা (২৬), কালিয়া বকরি গ্রামের শরীফ মিয়ার ছেলে আরিফুল ইসলাম ও মজলিশপুর গ্রামের মৃত মাদার মল্লিকের ছেলে সেন্টু (৫৫)। গ্রেফতারকৃত আসামিদেরকে গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দামুড়হুদা মডেল থানার বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার, মাদক ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড



