চুয়াডাঙ্গা শহরের কলেজ রোডের ধারে অবৈধভাবে বালু রাখার দায়ে লিমন বালি ঘরকে জরিমানা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরের কলেজ রোডের ধারে অবৈধভাবে বালু রাখার দায়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযানে এ জরিমানা করা হয়। লিমন বালি ঘর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ১১(খ) বিধি লঙ্ঘন করে অবৈধভাবে বালু মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে এ অর্থদণ্ড দেয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে।


পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার সিনেমা হলপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম। এ সময় পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক ও প্রসিকিউটর নাঈম হোসেনসহ কার্যালয়ের অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।