খুলনা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক ঘোষণার পর, চুয়াডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের লক্ষ্যে শুরু হয়েছে বৃহৎ ক্রীড়া উৎসব। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক বৃহস্পতিবার বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি দেশব্যাপী একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৬-২৭’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পরপরই চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মাঠপর্যায়ের প্রতিযোগিতা। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দাবা ও ব্যাডমিন্টন ইভেন্টের প্রতিদ্বন্দ্বিতা। এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।
দুপুরেই চুয়াডাঙ্গা সদর উপজেলার অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায় ক্রীড়ামোদী বিভিন্ন সুধীজন, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ নিবন্ধনকারী ক্ষুদে শিক্ষার্থীদের পদভারে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন থেকে বাছাইকৃত ১০ থেকে ১৪ বছর বয়সী (দাবার ক্ষেত্রে ৮ থেকে ১৪ বছর) বিপুল সংখ্যক খুদে প্রতিযোগী প্রজেক্টরের সাহায্যে সরাসরি অনলাইন প্লাটফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানটি দেখার সুযোগ লাভ করে।


‘ব্যাডমিন্টন’ ইভেন্টের প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন এবং সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হাজী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমরান মহালদার রিন্টু।
উদ্বোধনী দিনে মাঠপর্যায়ে অত্যন্ত দক্ষতার সাথে দাবা ও ব্যাডমিন্টন খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, শামসুন্নাহার শিলা, শহিদুল ইসলাম, বিলকিস নাহার, আইরিন ইসলাম, সাইফুল ইসলাম, রেজাউল হক ও রিপা শাহরিয়ার।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।